বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ চারজনের প্রাণ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত আবু হানিফ
নিহত আবু হানিফ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন যশোর-চৌগাছা সড়কের পুলতাডাঙ্গায় গতকাল শুক্রবার ট্রাক ও নছিমনের সংঘর্ষে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই ছাত্রীসহ ১৬ জন।
দুর্ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। এতে বাধা দিলে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রায় চার ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহত ব্যক্তিরা হলেন: বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু হানিফ (২২) এবং চৌগাছা উপজেলার আফরা গ্রামের বাসিন্দা আনিসুর রহমান (২৮) ও খাদিজা বেগম (৪৫) এবং একই উপজেলার ফুলসরা গ্রামের খায়রুল ইসলাম (৪৮)।
নিহত ছাত্র হানিফের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমারজানী গ্রামে। বাবার নাম রফিক মিয়া। হানিফ এ বছর জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১১০ মিটার হার্ডলস দৌড়ে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী শারমিন সুলতানা বিথী, পরিবেশবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্রী বাসবি ভট্টাচার্যসহ ১৬ জনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়। শারমিন সুলতানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে হেলিকপ্টারে করে ঢাকা নেওয়া হয়। অপর ১৫ জনের মধ্যে খায়রুল মারা যান সন্ধ্যায়।
বেলা ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তখন সড়কের পাশে আলুখেতে কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা আলী আক্তার। তাঁর ভাষ্য, ১০-১২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নছিমনটি যশোর সদর উপজেলার চূড়ামনকাঠির দিকে যাচ্ছিল। এটি চলছিল বাসের পেছন পেছন। তখন উল্টো দিক থেকে একটি ট্রাক বাসটি অতিক্রম করার সময় নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনটি ট্রাকের সঙ্গে আটকে যায়। এভাবে নছিমনটিকে প্রায় ৫০ হাত দূরে ঠেলে নিয়ে যায় ট্রাকটি। এতে নছিমনে থাকা তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অন্যরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ঘটনাস্থলে যান। এরপর তাঁরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। এতে বাধা দেন পরিবহন শ্রমিকেরা। তখন দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই ছাত্র মাথায় আঘাত পান। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে শিক্ষার্থীরা সেখান থেকে ফিরে সদর উপজেলার আমবটতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে প্রায় চার ঘণ্টা যশোর-চৌগাছা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার হাসপাতালে যান আহত শিক্ষার্থীদের দেখতে। এ সময় তিনি জানান, আহত দুই ছাত্রীর একজন শারমিন সুলতানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হেলিকপ্টারে করে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন।
যশোর-চৌগাছা সড়কে পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী নিহত: ২০১০ সালের পর থেকে ২০১৪ সালের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০১০ সালে নিহত হন অণুজীববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র সমীর কুমার দেবনাথ। ২০১১ সালে জিন প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভজিৎ বিশ্বাস এবং পরের বছর পরিবেশবিজ্ঞান বিভাগের মো. আলী ও শশী। সর্বশেষ দুর্ঘটনার শিকার হলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ছাত্র আবু হানিফ।
বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কেন এত দুর্ঘটনা ঘটে? জানতে চাইলে উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, যশোর-চৌগাছা সড়কটি অত্যন্ত সরু। তা ছাড়া এ সড়কে অবৈধ যানবাহনের চলাচল বেশি। যে কারণে সড়কটি চলাচলে একদমই নিরাপদ নয়।
উপাচার্য আরও বলেন, ‘এ সড়কে যাতে বৈধ ও ভালোমানের যানবাহন চলাচল করে সে জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু পরিবহন শ্রমিকদের সিন্ডিকেটের কারণে এটি বাস্তবায়ন করা যাচ্ছে না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশরাফুজ্জামান জাহিদ জানান, সড়ক দুর্ঘটনার পর বিভিন্ন সময়ে তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছে তার মধ্যে রয়েছে: সড়কটি দুই লেনে উন্নীত করা, বিশ্ববিদ্যালয় থেকে শহর পর্যন্ত বিশেষ বাসের ব্যবস্থা, নছিমন-করিমনসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা। এসব সুপারিশ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক, স্থানীয় সরকার অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবায়ন করা হয়নি।