বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গত দুই দিনে দুই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মারিয়া আফরোজ ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের ছাত্রী হাবিবা কুলসুম ওরফে খুশি। পরিবার বলছে, তাঁরা আত্মহত্যা করেছেন।
মারিয়া আফরোজ এলিফ্যান্ট রোডের একটি ফ্ল্যাটে তাঁর বড় বোনের বাসায় থাকতেন। তাঁর বড় বোন ভূমি কর্মকর্তা।
মারিয়ার স্বজনদের বরাত দিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে গত বুধবার রাতে মারিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মারিয়ার বড় বোন ঘুম থেকে ওঠেন। এ সময় তাঁকে দেখামাত্র মারিয়া ভেতর থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দেন। দ্রুত দরজা ভেঙে দেখা যায় মারিয়া সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। সেখান থেকে নামিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মারিয়ার লাশ নিয়ে গেছেন স্বজনেরা। তাঁর মৃত্যু নিয়ে স্বজনেরা নির্দিষ্ট করে কোনো কিছু বলছেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও মারিয়ার মৃত্যু নিয়ে স্বজনেরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
পুলিশ জানায়, এর আগে গত বুধবার বেলা ১১টার দিকে উত্তরার বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় হাবিবা কুলসুমকে (২০) উদ্ধার করা হয়। পরে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি উত্তরার আধুনিক মেডিকেল কলেজে প্রথম বর্ষে পড়তেন।
হাবিবার মা-বাবার বরাত দিয়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, বুধবার সকালে হাবিবার শোয়ার ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শোনা যায়। এ সময় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। হাবিবাকে দ্রুত নামিয়ে পাশের উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।