বিশ্ববিদ্যালয় ছাত্র অপহৃত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। ১৬ নভেম্বর মেহেদী হাসান নামের ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এর পরদিন তাঁর মুঠোফোন থেকেই পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এসএমএস পাঠানো হয়। মেহেদীর বাবা জসিম উদ্দিন বাড্ডার সাতারকুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, প্রযুক্তি ব্যবহার করে মেহেদীর সর্বশেষ অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ মেলেনি। অপহৃত মেহেদীর পরিবারের সদস্যরা জানান, ১৬ নভেম্বর সন্ধ্যায় তালতলা মসজিদ রোডের বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফেরি আসেননি। পরদিন মেহেদীর বন্ধু হৃদয়ের মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি এসএমএস আসে। এরপর থেকে যারা টাকা দাবি করেছে, তাদের পক্ষ থেকে আর কোনো যোগাযোগ করা হয়নি। মেহেদী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। যাঁর নম্বরে এসএমএস এসেছিল, তাঁকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছেন। তিন ভাইবোনের মধ্যে মেহেদী একমাত্র ছেলে। বাকি দুজন বোন। বাড্ডা থানার পুলিশ জানায়, মেহেদীর বাবার সঙ্গে একজনের জমিজমা নিয়ে বিরোধ আছে।