বিশ্ববিদ্যালয় ছাত্র রাব্বী হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএসটি) ছাত্র গোলাম রাব্বীকে (২২) অপহরণ করে নৃশংসভাবে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার পাবনা জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বিপ্লব মোল্লা (২৮), রাজা প্রামাণিক (৩৮) ও শাহানুর শেখ (২২)।
গতকাল শুক্রবার র্যাব-৪-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম রাব্বী ওই বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। ১৯ নভেম্বর মিরপুর থানার কল্যাণপুরের বাসা থেকে কৌশলে তাঁকে বের করে আনেন কয়েকজন যুবক। এরপর তাঁকে অপহরণ করা হয়। পরদিন এক যুবক গোলাম রাব্বীর বাবা আনোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় আনোয়ার হোসেন মিরপুর থানায় একটি মামলা করেন। কিন্তু ২৫ নভেম্বর পাবনার সাঁথিয়া থানা এলাকার ড্রেন থেকে রাব্বীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাবার অভিযোগ পাওয়ার পর থেকেই র্যাব-৪-এর একটি দল তদন্ত শুরু করেছিল। রাব্বীর লাশ উদ্ধারের পর ওই দলটি গত বৃহস্পতিবার সাঁথিয়া থানা এলাকায় যান। সেখানে কাশিনাথপুর বাজার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বলেছেন, অপহরণের পর তাঁরা রাব্বীকে সাঁথিয়া থানার হুইখালী নইলার বিল এলাকায় নিয়ে যান। সেখানে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার তিনজনকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানতে চাইলে র্যাব-৪-এর অধিনায়ক সাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগে অপহরণকারীরা রাব্বীর সঙ্গে পরিচিত হয়েছিলেন। রাব্বীর সঙ্গে প্রায় সময় দেখা করতেন। ১৯ নভেম্বর তাঁকে তাঁরা পাবনার সাঁথিয়ায় নিয়ে যান। ওই দিন রাতেই তাঁকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন। পরদিন থেকেই মুক্তিপণ দাবি করতে থাকেন অপহরণকারীরা।
খুনের কারণ সম্পর্কে জানতে চাইলে সাহাবুদ্দিন বলেন, পূর্ব কোনো শত্রুতার জেরে রাব্বীকে খুন করা হয়নি। রাব্বী অপহরণকারীদের পরিচিত ছিল।
র্যাব-৪-এর অধিনায়ক বলেন, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে রাব্বী গিয়ে তাঁদের নাম-পরিচয় পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলে দিতে পারেন। এ আশঙ্কায় প্রথমে তাঁকে হত্যা করে মুক্তিপণের জন্য পরিবারের ওপর চাপ দিয়েছিলেন অপহরণকারীরা।