বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় 'কসাই লেদু' গ্রেপ্তার
চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলায় জড়িত সন্দেহে মো. আসিফ ওরফে ‘কসাই লেদু’ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরের ২ নম্বর গেট আল ফালাহ গলি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, অভিযান চালিয়ে আসামি আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন তিনি মূল আসামি ইব্রাহিম সোহানকে ব্যাগ থেকে ছুরি বের করে দিয়েছিলেন। তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। বহিরাগত হিসেবে সোহানের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এসেছিলেন। ভিডিও ফুটেজে ছুরি বের করে দেওয়া সেই যুবকের সঙ্গে গ্রেপ্তার আসিফের চেহারার মিল রয়েছে। মামলা দায়েরের সময় তাঁর পরিচয় শনাক্ত না হওয়ায় এজাহারে নাম উল্লেখ করা যায়নি।
নিহত নাসিম আহমেদ বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্রলীগের রাজনীতিতে চট্টগ্রামের মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন তিনি। গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে খুন করা হয় নাসিম আহমেদকে। বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কে অতিথি হবেন, তা নিয়ে ছাত্রদের মধ্যে তর্ক শুরু হয়। এক পক্ষ বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে অতিথি করার দাবি জানায়। অন্য পক্ষ সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে অতিথি করতে চায়। এই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটে।
ঘটনার পরদিন নাসিমের বাবা আবু তাহের ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আসামিদের সবাই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলাটি তদন্ত করছে চকবাজার থানা-পুলিশ। ঘটনার পর গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির মধ্যে কারাগারে আছেন ওয়াহিদুজ্জামান। জামিনে বেরিয়ে গেছেন বাকি চার আসামি। ৮ জুন গোলাম মোস্তফা, ১৬ জুন জিয়াউল হায়দার ও তামিল উল আলম এবং ১৯ জুন আশরাফুল ইসলাম জামিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান।
মামলার বাদী ও নিহত ছাত্রের বাবা আবু তাহের প্রথম আলোকে বলেন, পুলিশ চেষ্টা করলে সব পারে।