বিশ্ববিদ্যালয় ছাত্রকে তুলে নিল পুলিশ পরিচয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মেস থেকে সাদাপোশাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রের নাম আবদুল্লাহ আল মামুন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। 

মামুন বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সর্দারপাড়া এলাকার মোসলেমীন নামের একটি আবাসিক মেসে থাকতেন। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার মহিষভাঙ্গা গ্রামে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মেসের কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি সাদা রঙের মাইক্রোতে করে সাদাপোশাকে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি মেসে এসে মামুনকে খুঁজতে থাকে। পরে তারা তাঁকে তুলে নিয়ে যায়।
মামুনের ফুফাতো ভাই আক্কাস আলী এ ঘটনায় বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় আজ মঙ্গলবার দুপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শিক্ষার্থী নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি বিষয়টি জানার পর একাধিকবার কোতোয়ালি থানার ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ফোন দিই। তিনি বিষয়টি জানেন না বলে জানান। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে বলেছেন।’
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম সাদাপোশাকে কোনো ছাত্রকে মেস থেকে তুলে নিয়ে আসার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নিখোঁজের ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’
এদিকে মামুনকে ফিরে পেতে আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘জাগ্রত নবীন’ ক্যাম্পাসে মানববন্ধন করেছে।