বিশ্ববিদ্যালয় ছাত্রকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক ছাত্রকে মারধর করে চলন্ত অবস্থায় এক বাসশ্রমিক ফেলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পাঁচ ঘণ্টা শিমুলতলী এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে রাখেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়টির সিভিল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. রাজন বলাকা পরিবহনের একটি বাসে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর যাচ্ছিলেন। ওই বাসের সুপারভাইজার তাঁর কাছে ১৫ টাকা ভাড়া দাবি করেন। রাজন ছাত্র পরিচয় দিলে সুপারভাইজার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে দুজনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুপারভাইজার রাজনকে বেধড়ক মারধর করেন। এরপর কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে চলন্ত গাড়ি থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীরা রাতেই জয়দেবপুর বাসস্ট্যান্ডে গিয়ে এ ঘটনার বিচার দাবি করেন। কিন্তু বলাকা পরিবহনের মালিক অথবা শ্রমিকপক্ষের কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা কয়েটি বাসের কাচ ভাঙচুর করেন। পাঁচ ঘণ্টা পর বেলা সাড়ে তিনটায় পুলিশ গিয়ে এ ঘটনার বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও বাসমালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়েছে। আগামী বৃহস্পতিবার আবার আলোচনা করে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।