বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী দীপা রানী নাথের (২৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগানে এ ঘটনা ঘটেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীপা রানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা কেউ বলতে পারেনি।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দীপা গলায় ফাঁস দেন। তিনি ওই এলাকার সুব্রত চৌধুরীর স্ত্রী বলে জানা গেছে।
সুব্রত চৌধুরী সাংবাদিকদের জানান, পরিবারের সম্মতিতে দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। গতকাল বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়। এর একপর্যায়ে অভিমান করে দীপা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্প উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, দীপার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।