বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ
রাজধানীর যাত্রাবাড়ীতে আজ সোমবার মিরাজ চৌধুরী শাকিল (২০) নামে বিবিএ পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
মিরাজ যাত্রাবাড়ীর কাজলার নয়ানগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি ধানমন্ডির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মিরাজ তাঁর বাবার কাছে পাঁচ হাজার টাকা চান। বাবা টাকা না দিলে তিনি তাঁর কক্ষে ঢুকে ছিটকিনি লাগিয়ে দেন। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ডাকাডাকি করে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনির উদ্দিন বলেন, মিরাজের দেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝোলানো ছিল। পরে তাঁর বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।