বিশ্ববিদ্যালয় পরিষদের জায়গায় ক্লাবঘর
রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের জায়গায় একটি ক্লাবঘর তৈরি করা হয়েছে। এ ছাড়া সেখানকার পুকুরের এক পাশে মাটি ভরাট করে শাকসবজি চাষও হচ্ছে।
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাশে এই পরিষদের দুটি বহুতল ভবন নির্মাণের কথা রয়েছে। দুই বছর আগে ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর ভবন তৈরির জন্য এই জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এত দিনেও কাজ শুরু করতে পারেনি উপাচার্য পরিষদ।
সরেজমিনে দেখা গেছে, ভবন তৈরির জায়গার এক পাশে মাটি ফেলে তৈরি করা হয়েছে ক্লাবঘর। সামনের সড়কের ফুটপাত দখল করে তৈরি করা হয়েছে অবৈধ বস্তি, খাবার হোটেল, চায়ের দোকান, রিকশার গ্যারেজ। এলাকাবাসী বলেন, ‘এলাকার ছেলেরা এখানে একটি ক্লাবঘর তৈরি করেছে। তবে এখানে লোকজন খুব কম বসে। প্রায়ই তালাবদ্ধ দেখা যায় ক্লাবঘরটি।’
বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমীন বলেন, ‘আমাদের অনুমতি নিয়েই এসব তৈরি করা হয়েছে। এগুলো থাকবে না। আমরা ভবনের কাজ শুরু করলেই এদের সরিয়ে দেওয়া হবে।’ কবে নাগাদ ভবন তৈরি হবে—জানতে চাইলে তিনি বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি নিয়ে আগামী বছরের জানুয়ারি মাসে বহুতল ভবন তৈরির জন্য দরপত্র আহ্বান করার ভাবনা রয়েছে। তবে শুরুতে সেখানে দুটি ১০ তলা ভবন তৈরি করা হবে। দুটি ভবনের একটি বিশ্ববিদ্যালয় পরিষদের বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হবে। আরেকটি ভবন ব্যবহার করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের জন্য। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের অনুমতি পেলে ২৪ তলা পর্যন্ত ভবন বাড়ানো হবে।