চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: তাণ্ডবের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ
বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার, মামলা নিচ্ছে না পুলিশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় তাণ্ডবের শিকার পরিবারগুলোর সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আবারও হামলার আশঙ্কা করছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, এত বড় ঘটনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার। কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না। হামলাকারীদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি পুলিশও মামলা নিচ্ছে না।
গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পাসের আবদুর রব হলের সামনে মুখোশধারী দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি তাইফুল হককে। এর চার ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই সহসভাপতি মো. মামুন ও মো. নাজিম, পাঠাগার সম্পাদক আবু বকর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাসায় তাণ্ডব চালানো হয়। রড, লাঠি ও দেশি অস্ত্র নিয়ে তাঁদের বাসায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অভিযোগ উঠেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারী শতাধিক নেতা-কর্মী এসব ঘটনায় জড়িত। আহত তাইফুল সভাপতিপক্ষের নেতা।
ছাত্রলীগের সহসভাপতি মো. মামুনের বোন ফারজানা আক্তার অভিযোগ করেন, শনিবার রাতের তাণ্ডবের পর রোববার রাত ১১টা থেকে ৪টা পর্যন্ত ছাত্রলীগের সভাপতিপক্ষের নেতা-কর্মীরা তাঁদের বাসার আশপাশে অবস্থান নিয়ে চেঁচামেচি করতে থাকেন। তাঁরা সবাই আতঙ্কে রয়েছেন।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, ‘আমার কোনো নেতা-কর্মী রাতে গিয়ে টহল দেয়নি। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। যদি কোনো অভিযোগ থাকে তা বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে জানানো যেতে পারে।’
মামুনের বড় ভাই এনামুল হক গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, হামলা ও লুটপাটকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারের কাছে তিনি লিখিত অভিযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলার শিকার কোনো পরিবারের খোঁজ নেয়নি। হামলার পরও পুলিশ তাঁদের বাসায় যায়নি।
এদিকে গতকাল বিকেলে এনামুল হককে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিশ্ববিদ্যালয় এলাকায় চার ছাত্রলীগ নেতাসহ সাধারণ মানুষের বাড়িতে হামলার বিষয়ে প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী দাবি করেন, কেউ হামলার বিষয়ে অভিযোগ করেনি। তবে তিনি বলেন, ‘পুলিশ তৎপর আছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।’
এ বিষয়ে হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ‘বাড়িঘরে হামলার ব্যাপারে আমরা কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।’
মামুনের বাসার পাশের আরও চারটি বাসায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল শনিবার রাতে। নাম না প্রকাশের শর্তে হামলার শিকার পরিবারগুলোর কয়েকজন সদস্য বলেন, ‘আমরা আতঙ্কে আছি যেকোনো মুহূর্তে আবারও হামলা চালাতে পারে সভাপতিপক্ষের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ে অতীতে অনেক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কারও বাসাবাড়িতে হামলা চালানোর ঘটনা এবারই প্রথম ঘটেছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি নাজিম উদ্দিনের বাবা মো. মজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের চাকরি করি। বিশ্ববিদ্যালয় এলাকার নিজের বাসাতেও আমাদের নিরাপত্তা নেই।’
কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মা জাহেদা আমীন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার বাসায় হামলার ঘটনায় আমি থানায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ করেছি। হাটহাজারী থানা-পুলিশ আমার অভিযোগটিকে এখনো মামলা হিসেবে গ্রহণ করেনি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, তাইফুলের ওপর হামলা এবং নেতা-কর্মী ও সাধারণ মানুষের বাসায় হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তাইফুল হকের ওপর হামলার ঘটনায় গত রোববার রাতে হাটহাজারী থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক মিজানুর রহমান। এ মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে।
ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা: এদিকে গতকাল রাতে শাহ আমানত হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।