বিশ্ববিদ্যালয় শিক্ষককে অপহরণের অভিযোগে মামলা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন খানকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাত দশটায় কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে ওই শিক্ষক বাদী হয়ে এ মামলা করেন। তবে কি কারণে বা কেন তাঁকে অপহরণ করা হয়েছিল তা তিনি বুঝতে পারছেন না।
আজ শনিবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাসির উদ্দিন খান প্রথম আলোকে জানান, শুক্রবার রাত পৌনে আটটার দিকে হেঁটে কুষ্টিয়া শহরের নিশান মোড়ে যাচ্ছিলেন। এ সময় সেখানে একটি মোটরসাইকেল ও তিনজন হেঁটে তাঁর গতিরোধ করে। একপর্যায়ে একটা সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। সিএনজির ভেতর তারা ভয়ভীতি দেখায় এবং কুমারখালীর দিকে নিয়ে যায়। এরই মধ্যে তিনি মুঠোফোনে তাঁর স্ত্রীকে বিষয়টি জানান। এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কুষ্টিয়া মডেল থানাকে বিষয়টি অবহিত করে।
ওই শিক্ষক আরও বলেন, রাত পৌনে নয়টার দিকে কুমারখালী উপজেলা শহরের একটি জায়গায় তাঁকে রেখে অপহরণকারীরা চলে যায়। পরে তিনি কুষ্টিয়া ফিরে আসেন। তিনি রাত দশটার দিকে মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। কেন কি কারণে তাঁকে অপহরণ করা হয়েছিল তা তিনি বুঝতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোনো জায়গায় কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই বলে তিনি জানান।
শনিবার বিকেলে কুষ্টিয়া মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষক অপহরণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের দ্রুত তৎপরতার কারণেই হয়তো শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে।