বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী নগরের আলুপট্টি এলাকার একটি বাসা থেকে আজ শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুব্রত কুমার প্রামাণিক (২০) নামের ওই শিক্ষার্থী ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষে পড়তেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার দেওপাড়া গ্রামে।
নগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, সুব্রত আলুপট্টি এলাকার একটি মেসে থাকত। আজ বিকেলে সুব্রতর পাশের মেসে থাকা তার চাচা অচিন্ত্য কুমার প্রামাণিক মুঠোফোনে সুব্রতর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। অনেকবার ফোন দেওয়ার পরও সাড়া না পেয়ে তিনি সুব্রতর মেসে গিয়ে তাঁর কক্ষের দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় সুব্রতর চাচা পুলিশে খবর দেন। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। বোয়ালিয়া থানার পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি সুব্রতর প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল। একটি পরীক্ষা খারাপ হয়েছে। সেটা নিয়ে তার মন খারাপ ছিল। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না আমরা তা তদন্ত করে দেখছি।’