বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাথায় ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাধা দিতে গেলে এ সময় মারধরের শিকার হন আলোকিত বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কাজিম উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মারধরের শিকার সাংবাদিক শহীদুল সুমন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার রয়েল হাট নামে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন কাজিম ও সুমন। এ সময় হঠাৎ করে দোকানে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে কাজিমকে সেখান থকে সরে আসতে বলে। একপর্যায়ে তারা সুমন ও কাজিমকে মারধর শুরু করে। এ সময় কাজিমের মাথায় ছুরিকাঘাত করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন কাজিম ও সুমনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। কাজিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

কাজিমের বড় ভাই নাজিম ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের মাথায় গুরুতর জখম হয়েছে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার চাই।’

আলোকিত বাংলাদেশ পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শহীদুল সুমন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য জুলকার নাইনের অনুসারী রাকিব ও সাগরের নেতৃত্বে কাজিমের ওপর হামলা চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে তাঁরা আমাকেও মারধর করে।’

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য জুলকার নাইনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর তা বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’