বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইস্কাটন গার্ডেনের অফিসার্স কোয়ার্টার থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রমিথি রহমান (২৫) নামের এই শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ছিলেন। তিনি মায়ের সঙ্গে অফিসার্স কোয়ার্টারে থাকতেন। মা আলম আরা রহমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত। বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী। তিনি আলাদা থাকেন।
পরিবার সূত্র জানায়, প্রমিথির মা ১৯ সেপ্টেম্বর দেশের বাইরে চলে যান। এরপর থেকে প্রমিথি বাসায় একা ছিলেন। গৃহকর্মী এসে বাসার কাজকর্ম করে দিয়ে যেতেন। শনিবার রাতে মা দেশে ফিরে শোয়ার ঘরে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর তিনি পুলিশে খবর দেন। পরে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সুরতহাল রিপোর্ট দেখে মনে হচ্ছে, বিষক্রিয়ায় প্রমিথির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়। ওসি আরও বলেন, প্রমিথি নিজে বিষ পান করেছেন, নাকি অন্য কেউ তাঁকে খাইয়েছে সেটা নিশ্চিত নয়।
মরদেহের সুরতহাল রিপোর্টে বলা হয়েছে, প্রমিথির ঠোঁটের ডান পাশে কালো রঙের বিষের মতো কিছু লেগে ছিল।