চট্টগ্রামে মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের বাকলিয়া সৈয়দ শাহ রোডের ঝিনুক ভবনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম ও তাঁর সহযোগী শামীম মান্নান। বাকলিয়া রসুলবাগ এলাকায় মেসে থাকেন আরিফুল। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।
পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে ঝিনুক ভবনের সামনে একটি মোটরসাইকেল রাখেন আবদুল বারী। ওই ব্যক্তির অভিযোগ, মোটরসাইকেলটির তালা খুলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আরিফুল ও শামীম। স্থানীয় লোকজন তা দেখতে পেয়ে তাঁদের ধরে ফেলেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, জিজ্ঞাসাবাদে আরিফুল ও শামীম মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এক মাস আগে তাঁরা ফেনীর মহিপাল এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করেন। এরপর চট্টগ্রাম নগরের কোতোয়ালি নিউমার্কেট এলাকা থেকে চুরি করেন আরেকটি মোটরসাইকেল। দুটিই তাঁরা বিক্রি করে দিয়েছেন। ওসি জানান, মোটরসাইকেল চুরির চেষ্টার ঘটনায় আবদুল বারী থানায় মামলা করেছেন। ওই মামলায় আরিফুল ও শামীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।