বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধানমন্ডির একটি মহিলা হোস্টেল থেকে গতকাল শুক্রবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশিকা আক্তারের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ইউল্যাব ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষে পড়তেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত আটটার দিকে আশিকাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান বশির উদ্দিন নামের এক যুবক। তখন কর্তব্যরত চিকিৎসক আশিকাকে মৃত ঘোষণা করেন।
বশির নিজেকে আশিকার চাচাতো ভাই পরিচয় দিয়ে হাসপাতালে সাংবাদিকদের বলেন, আশিকা ধানমন্ডির ৮/এ সড়কে একটি মহিলা হোস্টেলের ষষ্ঠ তলার একটি কক্ষে থাকতেন। হোস্টেল কর্তৃপক্ষের ফোন পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি হোস্টেলে যান। সেখানে গিয়ে দেখেন, হোস্টেলের লোকজন ওই কক্ষের দরজা প্রায় ভেঙে ফেলেছেন। কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন আশিকা। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ওই কক্ষে আশিকা ছাড়া আরও একজন মেয়ে থাকেন। বিকেলে ওই মেয়ে বাইরে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফিরে এসে দেখেন, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি বিষয়টি হোস্টেলের কর্মকর্তা-কর্মচারীকে জানান। পরে দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখা যায়।
ওসি বলেন, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে। সম্পর্কজনিত কোনো কারণে হয়তো এ ঘটনা ঘটেছে। ঘটনার আগে একটি মুঠোফোন নম্বরে আশিকা ‘চলে যাচ্ছি, সুখে থাক’ লিখে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছেন। ওই মুঠোফোন নম্বরটি এখন বন্ধ পাওয়া যাচ্ছে। লাশের ময়নাতদন্ত করা হবে। তবে ঘটনাস্থল হাজারীবাগ থানা এলাকায় পড়ায় বাকি তদন্ত ওই থানার পুলিশই করবে।