বিশ্ববিদ্যালয়ছাত্রীর 'আত্মহত্যার' চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) একটি টয়লেট থেকে আজ বৃহস্পতিবার বিকেলে দগ্ধ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন। তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রীর সহপাঠীদের ভাষ্য, ওই ছাত্রী টয়লেটে ঢুকে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।

মাহবুব খান নামে বাংলা বিভাগের এক ছাত্র প্রথম আলোকে বলেন, বিকেল সোয়া চারটার দিকে কয়েকজন বন্ধুসহ টিএসসির তিন তলা থেকে নামার সময় দোতলার টয়লেট থেকে চিৎকার শুনতে পান তাঁরা। পরে দৌড়ে গিয়ে টয়লেটের দরজা ভেঙে তাঁরা আগুনে দগ্ধ ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী ও টিএসসির পরিচালক আলমগীর হোসেন ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে যান।

টয়লেটের দরজা বন্ধ করে ওই ছাত্রী নিজেই তার শরীরে আগুন ধরিয়ে দেন বলে ধারণা করা হচ্ছে।

ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, কী কারণে ওই ছাত্রী নিজের শরীরে আগুন দিয়ে থাকতে পারেন-সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

ছাত্রীর একাধিক সহপাঠী প্রথম আলোকে বলেন, হতাশাজনিত কারণে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন।