বিশ্ববিদ্যালয়ের এক মাইক্রোবাসচালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাশিদ আসকারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক মাইক্রোবাসচালককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কলোনি থেকে তাঁকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর ক্যাম্পাস থেকে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে উপাচার্যকে বহনকারী গাড়ি আকস্মিক দুর্ঘটনার শিকার হয়। গাড়ির বাঁ চাকার ছয়টি নাটের মধ্যে পাঁচটিই খুলে যায়। এ ঘটনা তদন্তে প্রক্টর মাহবুবর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে হস্তান্তর করে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ১৩টি কারণ উল্লেখ করে মাইক্রোবাসচালক শাহাদুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে উপাচার্যের গাড়ির চালক আসাদ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ ঘটনায় জড়িত সন্দেহে মাইক্রোবাসচালক শাহাদুলকে কলোনির বাসা থেকে আটক করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শাহাদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।