বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর ডিভাইসে ডাউনলোড করে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর লালবাগ, আজিমপুর ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতির ছাত্র মাসুদ রানা, একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির অনিয়মিত ছাত্র রাজিদুল শেখ। এ ছাড়া গ্রেপ্তার হওয়া জুয়েল খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও কায়সার আলম ওই বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতকোত্তর শ্রেণির অনিয়মিত শিক্ষার্থী।
সিআইডি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সিআইডি জানতে পারে, কয়েকজন যুবক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসহ গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নোত্তর ইলেকট্রনিকস ডিভাইসে বিক্রি করে আসছেন। এই তথ্যের ভিত্তিতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিআইডির একটি দল রাজধানীর লালবাগ, আজিমপুর ও পল্টনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। ল্যাপটপ, ডিভাইসসহ তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার নজরুল ইসলাম মোল্যা গতকাল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে প্রশ্নের উত্তরসংবলিত ডিভাইস পরীক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিলেন। বিশেষ ধরনের এ ডিভাইস কালো গেঞ্জির সঙ্গে যুক্ত করে সহজেই পরীক্ষার হলে নেওয়া যায়। সিআইডি কর্মকর্তারা চট্টগ্রাম ও পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একাধিক ছাত্রের ছবিসংবলিত আবেদনপত্র, বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে জামানত হিসেবে নেওয়া ব্যাংকের ১২ লাখ টাকার চেকও পাওয়া যায় তাঁদের কাছে। চারজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন।