বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনের মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ হত্যা মামলার সন্দেহভাজন এক আসামিকে গতকাল সোমবার নগরের আলফালাহ গলি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. সোলায়মান (২৭)। আট মাসের বেশি তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি আলফালাহ গলির বাসায় তিনি ফিরে আসেন। গতকাল ওই এলাকায় একটি দোকান দখলের চেষ্টা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে নাসিম আহমেদকে খুন করা হয়। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হয়। বেশির ভাগ আসামি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এজাহারে সোলায়মানের নাম ছিল না। পরে তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও মুঠোফোনের কললিস্টে ঘটনাস্থলে সোলায়মানের উপস্থিতি ও সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পায় পুলিশ। এ কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, সাক্ষ্য-প্রমাণ এবং মুঠোফোনের কললিস্টে নাসিম আহমেদ খুনের মামলায় সোলায়মান জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাঁকে এই খুনের মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।