বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কে বা কারা গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া এলাকা থেকে গত শনিবার রাতে খাইরুল ইসলাম নামের এক বিশ্ববিদ্যালয়ছাত্রকে তুলে নিয়ে গেছে।
এ ঘটনায় গতকাল রোববার ওই ছাত্রের বাবা আবুল কাশেম জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে খাইরুল ইসলামের সন্ধান পায়নি। খাইরুল বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ইলেকট্রিক অ্যান্ড ইলেট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ ও ওই ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, কাউলতিয়া এলাকায় শনিবার দিবাগত রাত তিনটার দিকে দুটি মাইক্রোবাস ও দুটি জিপে করে সশস্ত্র কয়েকজন লোক খাইরুল ইসলামের বাড়িতে যায়। এ সময় তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে খাইরুলকে ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে খাইরুলকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা। এ ঘটনার পর জয়দেবপুর থানার পুলিশ এবং খাইরুল ইসলামের বাবা ও তাঁর স্বজনেরা জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে খোঁজ নেন। তবে কোথাও তাঁকে পাওয়া যায়নি।
আবুল কাশেম জানান, খাইরুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এ ছাড়া তাঁদের সঙ্গে কারও বিরোধও নেই।
থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খাইরুলকে আটক বা গ্রেপ্তার করে নিয়ে গেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।