বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের শিকার, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁকে মারধরও করা হয়। গত রোববার দুপুরে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার দুপুরে সবুজ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজের বাড়ি মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামে। সবুজ জেলা শহরের খালপাড় এলাকায় একটি মার্কেটে গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন।
ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি মানিকগঞ্জে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। সেখানে একটি হোস্টেলে থেকে পড়াশোনা করেন। গত শনিবার সকালে হোস্টেল থেকে হেঁটে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথে সবুজ মেয়েটিকে থামান। একপর্যায়ে সবুজ একটি ব্যক্তিগত গাড়িতে করে তাঁকে হাত-পা ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এরপর তাঁকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীকে মারধরও করা হয়। বিকেলে হোস্টেলের অদূরে ওই ছাত্রীকে ফেলে রেখে সবুজ পালিয়ে যান। খবর পেয়ে রোববার সকালে স্বজনেরা তাঁকে মানিকগঞ্জে নিয়ে আসেন। এরপর সদর হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সবুজকে পুলিশ গ্রেপ্তার করে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী বলেন, ধর্ষণের একপর্যায়ে বিবস্ত্র অবস্থায় সবুজ মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করেন। বিষয়টি সবুজ তাঁকে কাউকে জানাতে নিষেধ করেন। অন্যথায় প্রাণনাশের হুমকি দেন।
এ ব্যাপারে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান গতকাল রাত পৌনে ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল রাতে এটি মামলা করেছেন।