বিশ্ববিদ্যালয়ের বাসে বসা নিয়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের বাসে সামনের আসনে বসা নিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রদের দুটি আঞ্চলিক গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষকসহ ১৫ জন আহত হয়েছেন।

গতকাল রোববার গভীর রাত থেকে আজ সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলা দফায় দফায় সংঘর্ষ, হলে ভাঙচুর ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আহত লোকজনের মধ্যে তামিম ও তাজিম নামের দুই শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মাহফুজুর রহমান বলেন, আহত শিক্ষকেরা হলেন বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও কৃষি ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রেশাত মল্লিক।

সরেজমিন ঘটনাস্থলে গেলে নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন সাধারণ শিক্ষার্থী বলেন, রোববার বিকেলে বরিশাল থেকে ক্যাম্পাসগামী বিশ্ববিদ্যালয়ের বাসে সামনের আসনে বসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র কামরুলের সঙ্গে একই সেমিস্টারের কম্পিউটার সায়েন্স বিভাগের রাহাতুলের বাগবিতণ্ডা হয়। কামরুলের বাড়ি গাজীপুর জেলায়। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী গ্রুপের সঙ্গে যুক্ত। অন্যদিকে রাহাতুলের বাড়ি বরিশালে। তিনি বরিশাল গ্রুপের সঙ্গে যুক্ত। রাতে বাগবিতণ্ডার বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বরিশাল ও পটুয়াখালী গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাত সোয়া ১২টার দিকে বরিশাল গ্রুপের কর্মীরা হকিস্টিক, রামদা, লোহার রড ও কিরিচ নিয়ে পটুয়াখালী অঞ্চলের ছাত্রদের আয়ত্তে থাকা শের-ই বাংলা-১ হলের ছাত্রাবাসে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে রাতভর কয়েক দফায় পাল্টাপাল্টি সংঘর্ষ হয়।

ওই শিক্ষার্থীরা আরও বলেন, আগের সংঘর্ষের জেরে আজ ভোর পাঁচটার দিকে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় শের-ই-বাংলা-১ এবং এম কেরামত আলী হলের অন্তত ৩০টি কক্ষে ভাঙচুর করা হয়।

ওই সাধারণ শিক্ষার্থীদের দাবি, ঘটনাটি পটুয়াখালী ও বরিশাল গ্রুপকে কেন্দ্র করে হলেও মূলত এ ঘটনার সঙ্গে যুক্ত সবাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কর্মী। কিন্তু ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আনিসুজ্জামান আনিছ ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমনের দাবি, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই। বরিশাল ও পটুয়াখালী গ্রুপের আঞ্চলিকতার দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষ থামাতে গিয়ে তাঁরা দুজনে আহত হয়েছেন বলে দাবি করেন ছাত্রলীগের ওই দুই নেতা।

সভাপতি আনিসুজ্জামান আরও বলেন, ওই সংঘর্ষে মুনম, ফাহিম, তামিম, তাজিম, সাহেদ ও অভিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান বলেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে গতকাল রাতে পরিস্থিতি শান্ত করা হয়। আজ সকালে এম কেরামত আলী হল, ক্যাম্পাসের বাইরে দুমকি বন্দর ও প্রশাসনিক ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমানের উপস্থিতিতে পুলিশ ও র‍্যাব-৮-এর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ক্যাম্পাসে এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. রবিউল হক বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রদের ‘গোলমাল’ হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল ও প্রক্টরিয়াল কমিটি জরুরি সভা করে ঘটনার তদন্তে একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িত লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।