বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের হাতে লাঞ্ছিত
রাজধানীর ধানমন্ডিতে গতকাল মঙ্গলবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র তাঁদের শিক্ষক নোমান সিদ্দিকীকে পিটিয়ে আহত করেছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমন্ডি ক্যাম্পাসের সহকারী অধ্যাপক নোমান সিদ্দিকী গতকাল রাতে প্রথম আলো কার্যালয়ে এসে বলেন, গতকাল বেলা দেড়টার দিকে তিনি ধানমন্ডির ৩ নম্বর সড়কে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে বসে ছিলেন। এ সময় সাত-আটজন ছাত্র ঢুকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালান। তাঁরা তাঁকে পিটিয়ে আহত করেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে ধানমন্ডি থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ তাঁর মামলা নেয়নি। নোমান সিদ্দিকী বলেন, নিরুপায় হয়ে তিনি প্রথম আলো কার্যালয়ে এসেছেন। এ সময় তিনি তাঁর শরীরে পেটানোর চিহ্ন দেখান। হামলাকারীরা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলে তিনি দাবি করেন।
বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসের দায়িত্বে থাকা শিক্ষক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষককে মারধরের কথা আমি শুনেছি। অভ্যন্তরীণ তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
রাতে যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ওসি নুরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।