বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার দেকে পিটিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপার এলাকায় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সুব্রত কুমার দে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান ও ব্যবসায় অনুষদের ডিন। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থ-সংক্রান্ত কমিটির পরিচালকের দায়িত্বও পালন করছেন।
পুলিশ, বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে সুব্রত কুমার দে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস থেকে গাঙ্গিনারপার এলাকায় নিজের বাসার সামনে নামেন। এ সময় ১৫-২০ জন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে কিল-ঘুষি মারেন এবং পিটুনি দেন। এতে তাঁর নাক ও মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানান, মারধর করার সময় দুর্বৃত্তরা ‘আমাদের বিল বাড়ায়া দেস না কেন’ বলেও সুব্রত কুমারের কাছে জানতে চায়। এ সময় দুর্বৃত্তরা সুব্রত কুমারের মুঠোফোনটিও নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। লোকজন দ্রুত সুব্রত কুমারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।