বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরীকে দীর্ঘদিন ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছে একটি মুঠোফোন নম্বর থেকে। ওই একই নম্বর থেকে তাঁর মা, বোন ও বোনের স্বামীকেও কল করে তাঁকে হত্যার কথা বলা হচ্ছে।

গত রোববার বিকেলে শিক্ষক রবিউল আউয়াল তাঁর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা জানিয়েছেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধিদলের নেতা ও একাধিক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা। গতকাল সোমবার বিষয়টি প্রথম আলোকেও নিশ্চিত করেন তিনি।

ওই স্ট্যাটাসে উল্লেখ রয়েছে, শিক্ষক রবিউল আউয়াল ও তাঁর স্বজনদের একটি মুঠোফোন নম্বর থেকে তিন-চার মাস ধরে কল দেওয়া হচ্ছে। প্রথম দিকে তাঁর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হতো। অন্যথায় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এখনো প্রায় প্রতিদিন কল করে তাঁকে অপহরণ, গুম ও খুনের কথা বলা হয়। কিন্তু এখন টাকা চাওয়া হয় না।

শিক্ষক রবিউল আউয়াল তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, ফোনের আইডি নকল। তাঁর দাবি, তাঁর কোনো শত্রু নেই। টাকাও নেই, তবে কেন এমন হবে।

রবিউল আউয়াল প্রথম আলোকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার পর মনে হলো, তাঁর ক্ষেত্রে যা ঘটছে তা লেখা দরকার। তাই বিষয়টি ফেসবুকে লিখলেন। এ ব্যাপারে শিগগিরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আইনুল হকও শিক্ষক রবিউল আউয়ালকে জিডি করার পরামর্শ দিয়েছেন। শিক্ষক রবিউল আউয়াল নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন ও প্রথম আলো বন্ধুসভা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা।

জানতে চাইলে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব বলেন, ওই শিক্ষক অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।