বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে পাহাড় কর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে পাহাড় কাটা হয়। গত শুক্রবার ছবিটি তোলার পর পুলিশ সাইনবোর্ড নিয়ে যায় l প্রথম আলো
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় সাইনবোর্ড লাগিয়ে অবৈধভাবে পাহাড় কাটা হয়। গত শুক্রবার ছবিটি তোলার পর পুলিশ সাইনবোর্ড নিয়ে যায় l প্রথম আলো

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন বাংলাবাজারের আরেফিন নগরে রাতের অন্ধকারে চলছে পাহাড় কাটা। বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে এই পাহাড় কাটা চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তাদের দাবি, অন্য কেউ বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এ অপকর্ম করছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে সেখানে পাহাড় কাটার সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. জলিল নামের ওই ব্যক্তি পাহাড় কাটা দেখাশোনা করতেন বলে জানা গেছে।
বায়েজিদ থানার উপপরিদর্শক মো. মঈন উদ্দীন বলেন, ‘পাহাড় কাটার সময় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তিনি সাউদার্নের হয়ে পাহাড় কাটা তদারক করছিলেন। এ সময় আরও অনেকে পালিয়ে যান। সাউদার্ন ইউনিভার্সিটির সাইনবোর্ড লাগিয়ে সেখানে পাহাড় কাটা হচ্ছিল।’
সাউদার্ন ইউনিভার্সিটির সাইনবোর্ড থাকলেও জালালাবাদ মৌজার এই পাহাড়ি জায়গাটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। শাহীন আক্তার নামে এক নারী ওই জায়গার মালিকানা দাবি করে পাহাড় কাটা বন্ধের জন্য পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছিলেন এক বছর আগে। তখন পাহাড় কাটা সাময়িকভাবে বন্ধ হলেও এখন আবার তা শুরু হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, যেখানে পাহাড় কাটা হচ্ছে, এর বিএস দাগ নম্বর হচ্ছে ৭৭৬ (বিএস খতিয়ান নম্বর ২২৮/১,২,৩,৪)। এই জায়গার পাশে বিএস দাগ নম্বর ৭৭৫-এ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের তিন একর টিলা ও পাহাড় শ্রেণির জমি রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আরেফিন নগর কাঁচাবাজারের পাশে গাছপালায় ঘেরা পাহাড়ের একটি অংশ কেটে সমতল করা হয়েছে। সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের নামে লাগানো হয়েছে দুটি সাইনবোর্ড। এতে লেখা রয়েছে: ‘খরিদা সূত্রে এই জায়গার মালিক সাউদার্ন বিশ্ববিদ্যালয়’। পরে পুলিশ সাইনবোর্ড দুটি নিয়ে যায়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাজনীন সুলতানা বলেন, ‘পাহাড় কাটার অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে ধরেও এনেছে। মামলা হয়েছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরও ব্যবস্থা নেবে।’
ওই জায়গার মালিকানা দাবি করা শাহীন আক্তারের পক্ষে তাঁর স্বামী হেলাল উদ্দিন ২০১৩ সালে পরিবেশ অধিদপ্তরে পাহাড় কাটার অভিযোগ করেছিলেন। হেলাল উদ্দিন বলেন, ‘ওই পাহাড়ি জায়গা নিয়ে কবির আহম্মদসহ কয়েকজনের সঙ্গে আমাদের বিরোধ চলছে। আদালতে মামলাও রয়েছে। পরে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নাকি জায়গাটির বায়নানামা করা হয়েছে। জায়গা কার, তা ফয়সালা হবে পরে। কিন্তু পাহাড় কীভাবে কাটা হচ্ছে?’
অভিযোগ প্রসঙ্গে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রেজারার সরওয়ার জাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা ৭৭৬ দাগে যাইনি। অন্য কেউ আমাদের সাইনবোর্ড ব্যবহার করে পাহাড় কাটতে পারে। আমরা এর সঙ্গে কোনোভাবে জড়িত নই। ৭৭৫ দাগে আমাদের তিন একর জমিতে ক্যাম্পাস ভবন তৈরি করার জন্য আমরা সিডিএ থেকে ইতিমধ্যে অনাপত্তিপত্র পেয়েছি। এর আশপাশে আমরা আরও জমি কেনার চেষ্টা করছি মধ্যস্থতাকারীদের মাধ্যমে।’
ওই স্থানে পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরে যে অভিযোগ দেওয়া হয়েছিল, তাতে পাহাড় কাটার সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছিল। তাঁদের মধ্যে খোরশেদ আলম, আবুল বশর, কবির আহম্মদ অন্যতম। তাঁরা ওই এলাকায় পাহাড়ি জমি কেনাবেচার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আবুল বশর বলেন, ‘পাহাড় কাটার সঙ্গে আমরা কোনোভাবে জড়িত নই। এটা আমাদের নামে কেউ মিথ্যা অভিযোগ করেছে।’