বিশ্বম্ভরপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে দুই পক্ষই উপজেলা সদরে মিছিল বের করে। মিছিল দুটি উপজেলা সদরের রেস্টহাউসের সামনের সড়কে মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এ সময় ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে শামসুল ইসলাম (৪০) ও জামাল উদ্দিন (৩৮) নামের দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণসহ ২১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে আবদুল কাইউমের নেতৃত্বে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় আমাদের নেতা-কর্মীদের ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।’
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাইউম বলেন, ‘আমরা প্যান্ডেল বানিয়ে সমাবেশের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তার আগে মিছিল বের করতেই হামলা চালায় বেনজিরের লোকজন।’
বিশ্বম্ভরপুর থানার ওসি শহিদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।