সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে পলাশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলেমান মিয়াকে পুলিশ গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পলাশ ইউনিয়নে ভিজিএফের ১৪ মেট্রিক টন (২৬৬ বস্তা) চাল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ শুরু হয়। কিন্তু চাল ওজনে কম দেওয়ায় দুপুরের দিকে ইউপি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন চাল নিতে আসা লোকজন। ১ হাজার ৩০০ জনকে চাল দেওয়ার কথা ছিল। কিন্তু বিক্ষোভ শুরু হলে হঠাৎ করেই ইউপির চেয়ারম্যান চাল বিতরণ বন্ধ করে দেন।
এ সময় ইউপি চেয়ারম্যানকে তাঁর কার্যালয়ে অবরোধ করে রাখেন ক্ষুব্ধ লোকজন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়।
ইউএনও খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ বলেন, তিনি চাল বিতরণের দায়িত্বে থাকা তদারক কর্মকর্তা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমানত হোসেনের সঙ্গে যোগাযোগ করে চাল ওজনে কম দেওয়া ও ৫৪ বস্তা চাল ইউপি কার্যালয়ে না আনার বিষয়টি নিশ্চিত হন। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল ছিল। এরপর তিনি নিজে সেখানে যান। সন্ধ্যার দিকে তিনি চাল জব্দ করেন এবং ইউপি চেয়ারম্যানকে উপজেলা পরিষদে নিয়ে আসেন।
ইউএনও আরও বলেন, ওই ইউপি চেয়ারম্যান ৫৪ বস্তা চাল বিতরণের জন্য ইউপি কার্যালয়ে না নিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, সোমবার রাত নয়টায় সুলেমান মিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।