সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় দুই প্রকৌশলীকে মারধর করে আহত করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের এক নেতা ও তাঁর এক সহযোগী তাঁদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিশ্বম্ভরপুর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার ও সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, এলজিইডির উদ্যোগে উপজেলার মঙ্গলকাটা-কাপনা সড়কে ৬৯ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে উন্নয়নকাজ হচ্ছে। সুনামগঞ্জ পৌর শহরের আরাফ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক উন্নয়নের কাজটি করছে। ঠিকাদারের প্রতিনিধি হিসেবে কাজটি করাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সড়কের কাজ পরিদর্শনে যান ফজলুর রহমান তালুকদার ও মোখলেছুর রহমান। এ সময় নিম্নমানের বালু-পাথর ব্যবহার করায় তাঁরা কাজ বন্ধের নির্দেশ দেন। তখন ঘটনাস্থলে থাকা নিজাম উদ্দিন ও তাঁর সহযোগী আবু হানিফ তাঁদের মারধর করেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় নিজাম উদ্দিন ও আবু হানিফকে আসামি করে গতকাল শুক্রবার বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করেছেন উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান। ফজলুর রহমান তালুকদার অভিযোগ করেন, ‘আমরা নিম্নমানের কাজ দেখে কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন ও আবু হানিফ আমাদের ওপর হামলা চালান।’
এ ব্যাপারে কথা বলার জন্য নিজাম উদ্দিনের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
বিশ্বম্ভরপুর থানার ওসি শহিদুর রহমান বলেছেন, এ ঘটনায় দুজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।