বৈদেশিক মুদ্রার বিনিময় বাজার ও লন্ডনের আন্তব্যাংক সুদের হারে (লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট বা লিবর) জালিয়াতির দায়ে বিশ্বের শীর্ষস্থানীয় ছয় ব্যাংককে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।
মার্কিন বিচার বিভাগ গতকাল বুধবার জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকগুলোকে এ জরিমানা করেছে। জরিমানাকৃত অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার (৬ বিলিয়ন)। ব্যাংকগুলোও তাদের জালিয়াতির কথা স্বীকার করেছে।
ব্যাংকগুলো হলো যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংক, যুক্তরাষ্ট্রের জেপিমরগান চেজ ও সিটি ব্যাংক করপোরেট, রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড, সুইজারল্যান্ডের ইউবিএস ও ব্যাংক অব আমেরিকা। এগুলোর মধ্যে প্রথম চারটি ব্যাংককে জরিমানা করা হয় নিজস্ব স্বার্থ হাসিলে মুদ্রাবাজারকে ব্যবহারের ষড়যন্ত্রের দায়ে এবং পঞ্চম ব্যাংককে লিবর সুদের হার নিয়ে আগাম বোঝাপড়া লঙ্ঘনের দায়ে। এ ছাড়া শেষোক্ত ব্যাংককে জরিমানা করা হয় বৈদেশিক মুদ্রার বিনিময় বাজারে ‘অনিরাপদ ও অস্বচ্ছ’ কার্যক্রম পরিচালনার দায়ে।
এদিকে শেষের ব্যাংকটির মতোই বাকি ব্যাংকগুলোকেও মুদ্রার বিনিময় বাজারে ‘অনিরাপদ ও অস্বচ্ছ’ কার্যক্রম পরিচালনার জন্য জরিমানার অর্থের অতিরিক্ত ১৮০ কোটি ডলার (১ দশমিক ৮ বিলিয়ন) মার্কিন ফেডারেল রিজার্ভের কাছে পরিশোধ করতে হবে।
নিয়ন্ত্রক সংস্থাগুলো এই ব্যাংকের এ রকম জালিয়াতিকে ‘নির্লজ্জ পরিকল্পনা’ আখ্যা দিয়ে বলেছে, বিশ্বব্যাপী প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি ডলার (৫ দশমিক ৩ ট্রিলিয়ন) বৈদেশিক মুদ্রা বিনিময়ের দৈনন্দিন বাজারে এই জালিয়াতির আশ্রয় নেওয়ায় গ্রাহকেরা প্রতারিত হয়েছেন। আর অবৈধভাবে নিজেদের পকেট ভারী করেছে এ ব্যাংকগুলো।
এ জালিয়াতির ব্যাপারে মার্কিন অ্যাটর্নি জেনারেল লোরেত্তা লিন্চ বলেন, প্রায় প্রতিদিন এই প্রতারণামূলক কাজ চালিয়েছে ব্যাংকগুলো। তারা প্রতিযোগী হওয়ার চেয়ে তুলনামূলক (অসাধু) অংশীদারের মতোই কাজ করেছে। এ অপচেষ্টার লক্ষ্য ছিল, মুদ্রার বিনিময় হার নিজেদের ব্যাংকের অনুকূলে রাখা, যা অন্যদের জন্য ছিল ক্ষতিকর। তিনি বলেন, তাদের জালিয়াতিতে নিজেদের মুনাফা ফুলে-ফেঁপে উঠলেও বিশ্বব্যাপী অসংখ্য গ্রাহক, বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।