কুষ্টিয়ার মিরপুরে গতকাল সোমবার কীটনাশক খাইয়ে মোহনা (৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক প্রতিবেশী নারীকে আটক করেছে পুলিশ।
মোহনার বাড়ি উপজেলার মালিহাদ ইউনিয়নের নতুনপাড়া গ্রামে। বাবার নাম মকলেছ হোসেন।
মকলেছ হোসেন অভিযোগ করে বলেন, গতকাল সকালে মোহনা বাড়ির সামনে খেলা করছিল। প্রতিবেশী নারী সোহাগী খাতুন (২৭) পাউরুটি ও কলা খাওয়ানোর কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। কলার মধ্যে কীটনাশক মিশিয়ে দেন তিনি। তা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়ায় মোহনা অচেতন হয়ে পড়ে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্তে বিষয়টি পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি সোহাগী খাতুনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।