বিষ খাইয়ে সন্তানকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলায় বাবার বিরুদ্ধে শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বেনুয়ার চর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মিম আক্তার (৪) নামের ওই শিশুর মা বাদী হয়ে এ ঘটনায় গতকাল শুক্রবার শিশুটির বাবা আবদুল মালেকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছ, ১২ বছর আগে আবদুল মালেক একই গ্রামের মাজেদা বেগমকে বিয়ে করেন। এরপর থেকে তাঁদের মধ্যে কলহ চলে আসছিল। জুয়া খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে মালেকের প্রায়ই ঝগড়া হতো।
গত সোমবার মালেক স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে রাগ করে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার মিমকে অষ্টমীর মেলায় নিয়ে যান মালেক। সেখান থেকে বাড়িতে আনার পথে তাকে বিষ খাওয়ান। এরপর বাড়ির কাছে সন্তানকে রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন শিশুটির মুখে বিষ দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ইসলামপুর থানার ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আবদুল মালেক স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকে ফাঁসাতে এ ঘটনা ঘটান। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।