বিষ খাইয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাপি আক্তার,সুমাইয়া অাক্তার
হ্যাপি আক্তার,সুমাইয়া অাক্তার

মাদারীপুরে নিহত দুই স্কুলছাত্রীর স্বজনেরা ধর্ষণের পর হত্যার অভিযোগ করে আসছেন শুরু থেকেই। কিন্তু হত্যাকাণ্ডের এক দিন পর গতকাল শুক্রবার মামলা হলেও ধর্ষণের অভিযোগ নেয়নি পুলিশ। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর পুলিশ রাতভর তাঁদের থানায় আটকে রেখেছিল।
তবে মাদারীপুর জেলা পুলিশ আটকে রাখার অভিযোগ অস্বীকার করে বলেছে, মেয়ে দুটির পূর্বপরিচিত তরুণেরা পরিকল্পিতভাবে বিষমিশ্রিত কোমল পানীয় পান করিয়ে তাদের হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধর্ষণের আলামত না পাওয়ায় এ অভিযোগটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি।
গত বৃহস্পতিবার মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। ঘটনার দিনই শিপন শিকদার (১৮) ও রফিক শিকদার (২১) নামের দুই তরুণকে আটক করে পুলিশ। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষ হলে সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বাদী হয়ে ওই দুই তরুণসহ সাতজনের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করেন। অন্য পাঁচ আসামি হলেন মেহেদি (২০), রানা (২০), উজ্জ্বল (২৬), রকিব (১৮) ও সাজন (১৮)। মামলায় অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
এজাহারে আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, আসামিরা সুমাইয়া ও হ্যাপিকে কৌশলে তাদের স্কুলের উল্টো দিকের নির্মাণাধীন দোকানের পেছনে নিয়ে গিয়ে কৌশলে বিষ প্রয়োগে হত্যা করেছে। খুন হওয়া ওই দুই কিশোরীকে এর আগে উত্ত্যক্ত করা হচ্ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়। সুমাইয়ার বাবা বিল্লালের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের বিষয়টিও মামলায় উল্লেখ করা হয়।
গতকাল মামলা হওয়ার আগে বাদী বিল্লাল শিকদার প্রথম আলোকে বলেন, ‘সুমাইয়া ও হ্যাপিরে ধর্ষণ কইরা মারছে ওরা, আমি ওগো ফাঁসি চাই। সুমাইয়ার গলায় দাগ আছে, পিঠে দাগ আছে। আমি কইছি ধর্ষণ আর মার্ডারের মামলাই নিতে হইব।’
বিল্লাল অভিযোগ করেন, ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল দুপুর পর্যন্ত তাঁকে ও হ্যাপির মাকে পুলিশ থানায় আটকে রাখে। তিনি বলেন, ‘সন্ধ্যা হইতে এই পর্যন্ত আমারে আটকায় রাখছে। কেন রাখছে, কী কারণে রাখছে, জানি না। আমি থানার বাইরে গেলে আমারে ফলো করে পুলিশ।’
আপনাকে কী জিজ্ঞেস করা হয়েছে? জবাবে বিল্লাল বলেন, ‘আমারে জিজ্ঞাসা করছে, আপনার মাইয়া কি লাইন (প্রেম) করছে? আপনি কি মাইয়ারে মারছেন?’
থানায় আটকে রাখার বিষয়টি অস্বীকার করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা ওদের চলে যেতে বলেছিলাম। তাঁরা বলেছেন মামলা করে তাঁরা যাবেন। পুলিশ তাঁদের বলেছে, ময়নাতদন্ত হওয়ার পরে মামলা হবে। তাঁরা সে পর্যন্তই থানায় ছিলেন। ময়নাতদন্তের পরে তাঁরা লাশ নিয়েই ফিরেছেন।’
সুমাইয়ার বাবা বলেন, ‘স্কুলে যাওয়ার সময় স্থানীয় রাকিব সুমাইয়াকে ডিস্টার্ব করত। ইউপি মেম্বাররে কইলাম, ভাই, তুই এইডার বিচার কর। হ্যায় ধামাচাপা দিয়া রাখছে।’
ওই ইউপি সদস্য মনজুর হোসেন প্রথম আলোকে বলেন, সুমাইয়ার বাবার অভিযোগের পর তিনি রাকিবের মাকে ডেকে সাবধান করে দিয়েছেন।
জমি নিয়ে বিরোধের জের ধরেও মেয়েকে হত্যা করা হতে পারে—এই সন্দেহ প্রকাশ করে সুমাইয়ার বাবা বিল্লাল বলেন, ‘জমাজমির বিরোধের দুইটা কেস ১০-১১ বছর ধইরা চলতাছে। ওগুলার কারণে মারলো কি না, আল্লাহই জানে।’
তবে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত মেলেনি। আপনারা চিকিৎসকদের কাছে বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবেন। আর ঘটনাস্থল হিসেবে যে জায়গাটিকে বলা হচ্ছে, সেখানে দিনে অনেক লোকের সমাগম ঘটে। সেই জায়গায় দুটি মেয়েকে ধর্ষণ করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন আছে। তবে হত্যার অভিযোগ মামলায় রয়েছে।
পুলিশ সুপারের বক্তব্য শুনে সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বলেন, ‘পুলিশ যা বলছে সম্পূর্ণ মিথ্যা। ওর (সুমাইয়া) গলায় কাটা দাগ ছিল। আমাগো মাইয়ালোক নিয়া পরীক্ষা করাইছে পুলিশে। ওরাও কইছে।’
এদিকে ময়নাতদন্তের পর মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, দুই কিশোরীর বহিরাঙ্গে ধর্ষণের কোনো আলামত মেলেনি। আরও নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে। তবে সুমাইয়ার গলায়, ডান হাতের কবজির ওপরে, পেটের বাঁ দিকে, দুই পায়ের পাতায় ছিলা জখম পাওয়ার কথা জানান চিকিৎসক।
পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, অভিযুক্ত রানা ঠান্ডা মাথায় মেয়ে দুটিকে কোমল পানীয়র সঙ্গে বিষ পান করিয়ে মেহেদিকে বাসা থেকে ডেকে আনেন। এ সময় স্থানীয় এক নারী কোথায় যাচ্ছ, জিজ্ঞেস করলে এই দুই তরুণ জানান, দুটি মেয়ে রিকশায় পড়ে আছে, তাদের হাসপাতালে পাঠাতে হবে।