বিষ ঢেলে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিষ ঢেলে একটি পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শহরের কমলাপুর মহল্লার হালিমা বালিকা উচ্চবিদ্যালয়-সংলগ্ন পুকুরে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কমলাপুর তেঁতুলতলা এলাকার বাসিন্দা মাংস ব্যবসায়ী মো. জামাল তাঁর সহযোগী ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসিরউদ্দিন আহমেদ ওরফে মিলালকে নিয়ে ৮ বছর ধরে পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। গতকাল শনিবার সকালে ওই পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে।

মো. জামাল বলেন, ‘সর্বশেষ গত বছর আমি ওই পুকুরে বোয়াল, রুই, মৃগেল, চিতল, বাটা, তেলাপিয়া, সিলভার কার্প, পুঁটিসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের বড় পোনা ছেড়েছি। এতে আমার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। আগামী বছর এ মাছ বিক্রি করার পরিকল্পনা ছিল আমার।’

জামাল বলেন, ‘আজ সকালে খবর শুনে আমি পুকুরের পাড়ে এসে দেখতে পাই সব মাছ মরে ভেসে উঠেছে এবং এলাকাবাসী মাছগুলো নিয়ে যাচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. জামালের সহযোগী ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসিরউদ্দিন আহমেদ বলেন, কে বা কারা রাতের অন্ধকারে শত্রুতা করে পুকুরের পানিতে বিষ দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ‘কারা ঘটনাটি ঘটিয়েছে, তা আমরা জানি না। এ জন্য ফরিদপুর কোতোয়ালি থানায় কোনো সাধারণ ডায়েরি বা এজাহার দেওয়া হয়নি।’