বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার করা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার জের ধরে মাছের ঘেরে বিষ প্রয়োগ, মাছ লুট এবং বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে গত সোমবার একটি পুকুরে মরা মাছ ভেসে ওঠে।
গতকাল মঙ্গলবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের লতিফুর রহমান পক্ষের প্রায় ৫০টি বাড়িতে লোকজন নেই। এর মধ্যে ১০-১২টি বাড়িতে কোনো মালামালও নেই। অন্য বাড়িগুলোতে কিছু কিছু মালামাল আছে। দিনের বেলা কোনো কোনো বাড়িতে নারীরা আসছেন, আবার সন্ধ্যার আগে চলে যাচ্ছেন। লতিফুর রহমানের ঘেরের অনেক মাছ মরে ভেসে উঠেছে।
লতিফুর রহমান গতকাল মঙ্গলবার অভিযোগ রেন, প্রতিপক্ষ বনি শেখ ও তাঁর লোকজন কুমড়ি বিলে তাঁর ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। দু-একদিন আগে এ বিষ দেওয়া হয়। গত সোমবার বিকেল থেকে মাছ ভেসে উঠতে শুরু করে। এ ছাড়া মামলার আসামি হওয়ায় ১৫ দিন ধরে গ্রামের অনেকে পলাতক। এ সুযোগে কামাল শেখ, কমল শেখ, বাবুল শেখসহ আটজনের ঘেরের মাছ লুট করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে বনি শেখ মুঠোফোনে বলেন, ‘হত্যা মামলা দুর্বল করতে আমার এবং আমার লোকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এতে আমরা জড়িত নই। আর হত্যাকাণ্ডের আগেই তাঁরা বাড়ির মালামাল সরিয়ে নিয়েছেন। কোনো ধরনের লুটপাট হয়নি।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে লতিফুর রহমান ও বনি শেখ পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সামনে রেখে দুই পক্ষ আরও তৎপর হয়ে ওঠে। গত ২৩ আগস্ট বিকেলে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে বনি শেখের পক্ষের ইলিয়াছ আলী (৫৭) নিহত হন। এতে দিঘলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা হয়।
লোহাগড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ‘ওই ঘেরে অল্প কিছু মাছ মরে ভেসে উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।