বিষ দিয়ে ৪ লাখ টাকার মাছ নিধন
মাগুরায় গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা একটি জলাশয়ে বিষ দিয়ে প্রায় চার লাখ টাকার মাছ নিধন করেছে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জলাশয়টি সুখী নীলগঞ্জ প্রজেক্টের অধীনে ছিল। প্রজেক্ট ব্যবস্থাপক শাহাজান কবির বলেন, মাগুরা সদর উপজেলার নরশিংহাটি এলাকায় ৪৪ একর জমির ওপর তাঁদের একটি প্রজেক্ট রয়েছে। সেখানে অন্য কর্মকাণ্ডের পাশাপাশি মাছের চাষও করা হয়েছে। তাঁরা ৩৩ শতক জলাধারে মাছের পোনা তৈরি করছিলেন। গতকাল শনিবার সকালে তাঁরা দেখেন জলাশয়ে মরা মাছ ভাসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মরা মাছের সংখ্যাও বাড়তে থাকে। দুপুরে জাল টেনে প্রায় ৪ লাখ টাকার মরা রুই, কাতল, সিলভার কার্প ও বাটা মাছ অপসারণ করেছেন তাঁরা।
সুখী নীলগঞ্জ প্রজেক্টের মালিক আজহারুর হক বলেন, শত্রুতা করে কেউ জলাশয়ে বিষ দিয়েছে। এটা অনুসন্ধানের জন্য থানায় লিখিত অভিযোগ করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমুল হুদা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেয়ে সাধারণ ডায়েরি নথিভুক্ত করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।