বিষ দিয়ে ৯ মাসের শিশুকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার রনরামপুর সরদারপাড়া গ্রামে বিষ খাইয়ে এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার শিশুটির সৎ দাদি পুলিশের কাছে দায় স্বীকার করেছেন।
হত্যার শিকার শিশুটির নাম মিরাজ হোসেন। সে রনরামপুর সরদারপাড়া গ্রামের বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী আমিনুর ইসলামের ছেলে। ছেলেকে হত্যার অভিযোগে মা মনিরা বেগম গতকাল বুধবার সৎ শাশুড়ি আঙ্গুরি বেগমকে আসামি করে মামলা করেছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, আসামি শিশুটিকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আসামির ভাষ্য অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি লাকড়ি চাইতে গেলে তা না দিয়ে একপর্যায়ে শিশুটির বাবা তাঁকে মারধর করেন। এর প্রতিশোধ নিতে নাতিকে হত্যা করেন তিনি।
নিহত শিশুর মা মনিরা বেগম বলেন, ‘মঙ্গলবার বেলা দুইটার দিকে শাশুড়ি আঙ্গুরি বেগম তাঁকে গোসল করতে পাঠান। তিনি ছেলেকে শাশুড়ির কাছে রেখে যান। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে আঙ্গুরি বেগম শিশুটিকে ঘরে থাকা পিঁপড়া মারার বিষ খাইয়ে দেন। তিনি কান্নার আওয়াজ শুনে শাশুড়ির ঘরে গিয়ে ছেলেকে বমি করতে দেখেন। এ সময় ছেলের মুখ থেকে বিষের গন্ধ বের হতে থাকে। সামান্য ঘটনার প্রতিশোধ নিতে আমার নিষ্পাপ শিশুর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
পুলিশ ও পরিবার সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার বেলা তিনটার দিকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে শিশুটি মারা যায়। গতকাল বেলা ১১টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুপুর ১২টায় আঙ্গুরি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।