বিষ প্রয়োগ করে মুক্তিযোদ্ধার পুকুরের মাছ লুট
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের পূর্ব পাইকপাড়া শেখবাড়ী এলাকায় গত শুক্রবার রাতে এক মুক্তিযোদ্ধার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শেখ হাবিবুর রহমান নামের ওই মুক্তিযোদ্ধার দাবি, দুর্বৃত্তরা তাঁর পুকুর থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। কীটনাশক প্রয়োগ করে পুকুরের সব পোনাও মেরে ফেলা হয়েছে।
শেখ হাবিবুর রহমান বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ৩০-৩৫ জন আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে লুট করে নিয়ে যায়। এ সময় আমার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে চাইলে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ভয়ে ঘর থেকে কেউ বের হতে পারেনি।’ তিনি বলেন, তাঁর পুকুর থেকে এর আগেও একাধিকবার এভাবে মাছ লুট করা হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণের পরও এখনো বিচার পাননি তিনি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, একই গ্রামের মহি মুন্সি, রনি ও রশিদ ভূঁইয়াদের সঙ্গে হাবিবুরের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে।
এ ব্যাপারে জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, এ ব্যাপারে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।