বিষ মেশানো তরকারি খাইয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে মাংসের তরকারির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে ৮০ বছরের এক বৃদ্ধকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পূর্ণগোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম আবদুল জব্বার মণ্ডল (৮০)। গত মঙ্গলবার রাতে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
জয়পুরহাট আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ছাইদুর রহমান বলেন, আবদুল জব্বার বিষক্রিয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার হাসপাতালেই তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গতকাল সকালে পূর্ণগোপীনাথপুর গিয়ে জানা যায়, আবদুল জব্বারের পাঁচ ছেলে ও এক মেয়ে। এদের মধ্যে তিন ছেলে এক মেয়ে বাড়িতে থাকেন। একই বাড়িতে আবদুল জব্বার ও তাঁর স্ত্রী ছোট ছেলের সঙ্গে আলাদাভাবে থাকতেন। ছোট ছেলে বগুড়ায় লেখাপড়া করছে। বড় ছেলে আলাদা বাড়িতে বসবাস করেন। আবদুল জব্বারকে তৃতীয় ছেলের বউ খাবার রান্না করে দেওয়ার পর তিনি মঙ্গলবার দুপুরে বাড়িতে ভাত খাচ্ছিলেন। এ সময় তাঁর বড় ছেলে হাছেন আলীর ছেলে সুজন মাংসের তরকারি এনে তার দাদার ভাতের থালে ঢেলে দেয়। ওই তরকারি খাওয়ার পর আবদুল জব্বার অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকজন দ্রুত তাঁকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান। বৃদ্ধের মৃত্যুর খবর বাড়িতে আসার পর তাঁর নাতি সুজন পালিয়েছে।
আবদুল জব্বারের স্ত্রী হাজেরা খাতুন (৭০) বলেন, ‘নাতি সুজন গোস্তর তরকারি খাওয়ানোর পর হের (তাঁর স্বামী) মুখ দিয়ে ফাঁপ বের হচ্ছিল। বুক জ্বলে গেল বলে চিৎকার করছিল।’ তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘সুজন গোস্তের তরকারির সঙ্গে বিষ মিশিয়ে মানুষটাক ম্যারে ফেলাল। আল্লা ওর বিচার করবে।’
আবদুল জব্বারের মেয়ে মরিয়ম বলেন, ‘আমার ভাতিজা সুজন টাকা-পয়সার লোভে পরিকল্পিতভাবে বিষ মেশানো গোস্তের তরকারি খাইয়ে ওর দাদাকে হত্যা করেছে।’
সুজনকে তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। সুজনের মা আনোয়ারা জানান, বাড়িতে মুরগির মাংসের তরকারি করা হয়েছিল। সুজন তার দাদাকে মুরগির মাংসের তরকারি দিয়েছিল। মুরগির মাংসের তরকারি খাওয়ায় সুজনের দাদা অসুস্থ হয়ে পড়ে। মারা যাওয়ার পর সুজন বাড়ি থেকে চলে গেছে।