বিষটোপে পাখি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে নিধন করা বেগুনি কালেম প্রজাতির কয়েকটি পরিযায়ী পাখি। ছবিটি সম্প্রতি হাওরের টোলার বিল অভয়াশ্রম থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন
হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে নিধন করা বেগুনি কালেম প্রজাতির কয়েকটি পরিযায়ী পাখি। ছবিটি সম্প্রতি হাওরের টোলার বিল অভয়াশ্রম থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে পরিযায়ী পাখি নিধন চলছেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শনিবার রাতে হাওরের ফুট হাওয়া বন্যা ও হিংগাইর বিলে শিকারিরা বিষটোপ দিয়ে শত শত পাখি নিধন করে বস্তায় ভরে নিয়ে গেছেন। প্রশাসন জানিয়েছে, এ মাসের শুরুতেও হাওরে শত শত পাখিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর নিয়ে সচেতনতামূলক প্রচার, বিল পাহারা দেওয়াসহ নানা উদ্যোগ নেওয়ার পরও হাওরে পাখি নিধন বন্ধ করা যাচ্ছে না। বরং নিধন আগের চেয়ে বেড়েছে। নির্বিচারে পাখি নিধনের কারণে হাওরের জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিল সেচে মাছ ও বিষটোপ দিয়ে পাখি নিধনের কারণে ১৯৯৯ সালে সরকার হাকালুকি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। প্রতিবছর শীত মৌসুমে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে হাওরের বিভিন্ন বিলে পরিযায়ী পাখির সমাবেশ ঘটে। এ সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে ধান বা গমের সঙ্গে একধরনের বিষ মিশিয়ে তা বিলের পাড়ে ছিটিয়ে দেয়। ভোরে খাবারের খোঁজে ঝাঁক বেঁধে পাখিরা বিলে নেমে আসে। তখন খাবার ভেবে এসব বিষটোপ খেয়ে পাখিরা লুটিয়ে পড়ে। পরে দুর্বৃত্তরা দ্রুত মৃত পাখিগুলো বস্তায় ভরে নিয়ে চলে যায়। এ ছাড়া জাল দিয়ে ফাঁদ পেতেও পাখি নিধন করা হয়। এসব পাখি চড়া দামে বিভিন্ন রেস্তোরাঁ ও সামাজিক অনুষ্ঠানে খাবারের জন্য বিক্রি করা হয়।

হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে নিধন করা বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। ছবিটি সম্প্রতি হাওরের টোলার বিল অভয়াশ্রম থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন
হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে নিধন করা বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। ছবিটি সম্প্রতি হাওরের টোলার বিল অভয়াশ্রম থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

স্থানীয় চার-পাঁচজন ব্যক্তি জানান, গতকাল রাতে হাওরের ফুট হাওয়া বন্যা ও হিংগাইর বিলে দুর্বৃত্তরা বিষটোপ দিয়ে বিভিন্ন প্রজাতির হাজার হাজার পাখি নিধন করে। পরে বস্তায় ভরে সেগুলো নিয়ে যায়। দুর্বৃত্তদের বাড়ি আশপাশের এলাকায়। এর মধ্যে কয়েকজন প্রভাবশালী পরিবারের সদস্য। হাওরে ঢোকার সময় শিকারিদের হাতে বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র থাকে। সে কারণে ভয়ে এলাকার কেউ প্রতিবাদের সাহস পান না।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, ১ ফেব্রুয়ারি তিনি মৌলভীবাজারের জেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস আকন্দকে নিয়ে হাওরের টোলার বিল অভয়াশ্রম পরিদর্শনে যান। এ সময় বিলের পাড়ে শত শত বেগুনি কালেম ও পাতি সরালি জাতের পাখি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সুলতান মাহমুদ বলেন, হাওরে পাখি নিধন আগের চেয়ে বেড়েছে। এ কারণে হাওরে পাখির সংখ্যা অন্যান্য বছরের তুলনায় বেশ কম দেখা গেছে। এ পরিস্থিতি চলতে থাকলে হাওরের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে।

পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভাটেরা ইউনিয়নের নোয়াগাঁও ভিসিজি সমবায় সমিতি লিমিটেডের তিনজন সদস্য টোলার বিল অভয়াশ্রমটি পাহারা দেন।
নোয়াগাঁও ভিসিজি সমিতির সম্পাদক কবির আহমদ বলেন, পাহারাদাররা প্রতি দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিলে থাকেন। এরপর তাঁরা বাড়ি ফিরে যান। দুর্বৃত্তরা এ সময়টা কাজে লাগায়। তিনি বলেন, কুলাউড়ার বেড়কুড়িসহ পার্শ্ববর্তী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ও আশিঘর এলাকার কিছু লোক পাখি নিধনে জড়িত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ওই তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া হবে।

কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মো. গোলাম রাব্বী আজ রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পরিযায়ী পাখি নিধন বন্ধে জনসচেতনতা সৃষ্টিতে আমরা কিছুদিন আগে ভূকশিমইল ইউনিয়নে মাইকিং করিয়েছিলাম। তাতে কাজ হয়নি বলে মনে হচ্ছে। কিছু স্থানে পাখি নিধনের ব্যাপারে তথ্য পাওয়া যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবারও হাওর এলাকায় মাইকিং করানো হচ্ছে। পাশাপাশি কাল সোমবার ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে। জড়িত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেলে তদন্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’