বিষনন্দী ফেরিঘাটে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর আঞ্চলিক মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী ফেরিঘাটে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড বসিয়েছেন এক ব্যক্তি। অটোরিকশা থেকে তিনি ও তাঁর লোকজন চাঁদা আদায় করছেন। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অটোরিকশার যাত্রীদের।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করতে ২০১১ সালের ২৭ আগস্ট ঢাকা-সিলেট নৌপথে মেঘনা নদীতে ফেরি সার্ভিস চালু করে সওজ কর্তৃপক্ষ। ফেরিঘাট স্থাপনের জন্য ২০০৬-০৭ অর্থবছরে আড়াইহাজার উপজেলার বিষনন্দী ইউনিয়নের তালতলা থেকে বিষনন্দী ফেরিঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার জমি অধিগ্রহণ করে সওজ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর, কুমিল্লার হোমনা, মুরাদনগর উপজেলার যাত্রীরা ওই পথ দিয়ে ঢাকা যাতায়াত করেন।
সওজ নারায়ণগঞ্জ কার্যালয় সূত্রে আরও জানা গেছে, প্রতিদিন দুটি ফেরি দিয়ে ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশাসহ সহস্রাধিক যান এবং কয়েক হাজার যাত্রী পারাপার হয়। আড়াইহাজার উপজেলার বিষনন্দী ফেরিঘাট থেকে বিষনন্দী ফেরিঘাট থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী, চিটাগাং রোড, ডেমরা, নন্দীপাড়া (খিলগাঁও), এয়ারপোর্ট, মাধবদী, ভুলতাসহ আরও কয়েকটি স্থানে অটোরিকশা চলাচল করে। অটোরিকশা থেকে চাঁদা আদায়ের জন্য সওজের অধিগ্রহণ করা ১০ শতাংশ জমিতে বিষনন্দী গ্রামের মো. আলালের নেতৃত্বে অবৈধভাবে ২০১৩ সালের ডিসেম্বর মাসে অটোরিকশা স্ট্যান্ড গড়ে তোলা হয়।
এলাকাবাসী জানান, বিষনন্দী ফেরিঘাট থেকে যাত্রীপ্রতি যাত্রাবাড়ী যাওয়ার জন্য ১২০ টাকা, নন্দীপাড়া ১৫০, চিটাগাং রোড ১০০, ডেমরা ১২০, এয়ারপোর্ট ২০০, মাধবদী ৫০, ভুলতা ৬০ টাকা ভাড়া আদায় করেন অটোরিকশার চালকেরা। আর প্রতিবার এখান থেকে যে অটোরিকশা যাত্রাবাড়ী যায়, সেই অটোরিকশার কাছ থেকে আলালের লোকজন যাত্রাবাড়ীর অটোরিকশার কাছ থেকে ৭০ টাকা, চিটাগাং রোডের ৫০, এয়ারপোর্টের ১০০, ডেমরার ৭০, নন্দীপাড়ার ৮০, মাধবদীর জন্য ২০ টাকা চাঁদা আদায় করে। চাঁদা নেওয়ার কারণে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছেন অটোরিকশার চালকেরা।
যাত্রী আবদুর রহমান বলেন, সব সময় ফেরিঘাট দিয়ে ঢাকা যাওয়া-আসা করতে হয়। যাত্রাবাড়ীতে প্রত্যেক যাত্রীর একসময় অটোরিকশার ভাড়া ছিল ১০০ টাকা, এখন তা ১২০ টাকা। আরেক যাত্রী সুমন মিয়া বলেন, ফেরিঘাট থেকে নন্দীপাড়া অটোরিকশা ভাড়া ছিল ১২০ টাকা আর এখন আদায় করছে ১৫০ টাকা।
অটোরিকশার চালক মোছলেম মিয়া বলেন, ‘ভাড়া আগে কমই ছিল, প্রতিবার ঘাটে চাঁদা দিতে হয় ৭০-১০০ টাকা। আমার পকেট থেকে তো চাঁদা দেওয়া যাবে না। যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নিয়ে চাঁদার টাকা দিয়ে থাকি।’
চাঁদা আদায়কারী বিষনন্দী গ্রামের আলাল মিয়া সওজের জমিতে অটোরিকশার স্ট্যান্ড বসানোর কথা স্বীকার করে বলেন, বিষনন্দী ফেরিঘাট এলাকায় তাঁদের জমি ছিল। এ কারণে সেখানে তাঁরা অটোরিকশা স্ট্যান্ড করেছেন। চাঁদা আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘প্রতিদিন দু-তিনজন লোক দিয়ে সারা দিন সিএনজির সিরিয়াল দিতে হয়। তাই সারা দিনের জন্য প্রতিটি সিএনজি থেকে ৩০ টাকা করে নিই। সারা দিন ৭০-৮০টি গাড়ি বিভিন্ন স্থানে চলাচল করে। প্রতিদিন দেড়-দুই হাজার টাকা পাই। তা থেকে বেতন দিয়ে আমার কিছু টাকা থাকে।’ কিন্তু স্থানীয় লোকজন ও অটোরিকশার চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন কমপক্ষে ১০-১২ হাজার টাকা চাঁদা আদায় করা হয়।
সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ছিদ্দিকুর রহমান বলেন, ‘বিষনন্দী ফেরিঘাটে সওজের জায়গায় অবৈধভাবে অটোরিকশার স্ট্যান্ড দিয়েছে কতিপয় ব্যক্তি। এলোপাতাড়ি গাড়ি রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাদের নিষেধ করে আমরা ক্লান্ত হয়ে গেছি। অবৈধ অটোরিকশার স্ট্যান্ড এবং দোকানপাট উচ্ছেদ ছাড়া আর কোনো উপায় নেই। আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।’
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুল হক বলেন, ‘বিষনন্দী ফেরিঘাটের অবৈধ দোকান এবং অটোরিকশার স্ট্যান্ড সম্পর্কে সওজের লোকজন আমাকে মৌখিকভাবে জানিয়েছে। বিষয়টি চিঠির মাধ্যমে আমাকে জানালে আমরা ওই স্থাপনাগুলো উচ্ছেদের ব্যবস্থা নেব।’