বিষপান করিয়ে চালককে হত্যা করেন তাঁরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিএনজিচালিত অটোরিকশার চালক ইসকেন্দার হাওলাদার হত্যার ঘটনা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ ব্রিফিংয়ে করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছবি: প্রথম আলো
সিএনজিচালিত অটোরিকশার চালক ইসকেন্দার হাওলাদার হত্যার ঘটনা নিয়ে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ ব্রিফিংয়ে করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছবি: প্রথম আলো

সিএনজিচালিত অটোরিকশার চালক ইসকেন্দার হাওলাদারকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. লিটন (৪৫) ও মো. জসিম (২৮)। যাত্রীবেশে অটোরিকশায় উঠে তাঁরা তাঁকে হত্যা করেন বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান এই পুলিশ কর্মকর্তা।

আবদুল বাতেন বলেন, গতকাল সোমবার শাহ আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে লিটন ও জসিমকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় ইসকেন্দারের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ইসকেন্দারকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে অটোরিকশাটি নিয়ে চলে যান লিটন ও জসিম—এ কথা জানিয়ে ডিবির যুগ্ম কমিশনার বলেন, ১৩ জানুয়ারি বাণিজ্য মেলা থেকে ইসকেন্দারের অটোরিকশা ভাড়া করে ফার্মগেট এলাকায় যান লিটন ও জসিম। পথে যানজট হলে অটোরিকশাচালকের সঙ্গে সখ্য গড়েন তাঁরা। ফার্মগেটে যাওয়ার পর তাঁরা ইসকেন্দারকে নিয়ে চা পান করেন। এ সময় কৌশলে ওই চালককে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে দেন তাঁরা। একসময় ইসকেন্দার অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে তাঁরা অটোরিকশাটি নিয়ে নেন। পথে ইসকেন্দারের মৃত্যু হলে তাঁর লাশ মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবনের সামনের ড্রেনে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান লিটন ও জসিম।

পরের দিন ১৪ জানুয়ারি এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়। সূত্র না থাকায় মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন লিটন ও জসিম।