বিষপানে কিশোরীর আত্মহত্যা
রাজধানীর কদমতলী থানা এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন পিংকী আক্তার (১৮) নামের এক তরুণী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পিংকী পরিবারের সঙ্গে কদমতলীর শ্যামপুর বাজার এলাকায় থাকতেন। চার বছর ধরে তাঁর একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি ওই ছেলেটি অন্য এক মেয়েকে বিয়ে করেন। এর মধ্যে পিংকীকে গ্রামের বাড়ি শরীয়তপুরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সম্প্রতি ওই ছেলেটি পিংকীকে প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এক বাসায় নিয়ে যান। গতকাল স্থানীয় কয়েকজন যুবক তাঁদের ধরে একটি ক্লাবঘরে আবদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে ছেলের স্বজন গিয়ে তাঁদের উদ্ধার করেন। এরপর পিংকীকে স্বজনেরা কদমতলীতে নিয়ে যান। সন্ধ্যার দিকে পিংকী কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, পিংকীর ভাই মিজানুর রহমানসহ কয়েকজন স্বজন সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন।
কদমতলী থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) বিনয় কুমার প্রথম আলোকে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।