বিষাক্ত পদার্থ ছিটিয়ে তিন একর জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা
দিনাজপুরের পার্বতীপুরে দুর্বৃত্তরা বিষাক্ত পদার্থ ছিটিয়ে এক কৃষকের তিন একর জমির আমন ধান পুড়িয়ে ফেলেছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক রুহুল আমিন গতকাল রোববার থানায় লিখিত অভিযোগ করেছেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক মো. রুহুল আমিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগে উল্লেখ করা হয়, কৃষক রুহুল আমীন ২০০৮ সালে তাঁর স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রীর নামে স্থানীয় হাবড়া মৌজার কালিকাপুর গ্রামে দুই একর ৬৮ শতাংশ কৃষি জমি কেনেন।
এ বছর তিনি ওই জমিতে গুটিস্বর্ণা ও জিরাশাইল ধানের চাষ করেছেন। আমন চারাগুলো সতেজ হয়ে গাঢ় সবুজ বর্ণ ধারণ করে। সম্প্রতি কালিকাপুর গ্রামের প্রভাবশালী কৃষক সোহাগ আলী ও আ. বাকী ওই জমি নিজেদের বলে দাবি করেন।
গত বৃহস্পতিবার সকালে তাঁরা ওই জমিতে রুহুল আমিনের রোপণ করা আমন ধানের চারায় মেশিনের সাহায্যে বিষাক্ত পদার্থ ছিটিয়ে দেন। পরদিন শুক্রবারের মধ্যে জমির ধানের সব চারা পুড়ে বিবর্ণ হয়ে যায়।
এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, ‘কীটনাশক ছিটিয়ে খেতের ধান নষ্ট করার কথা শুনেছি। তবে এটা কীটনাশক কিনা তা জানা যায়নি।’