বিষাক্ত পদার্থ ছিটিয়ে বাঁধাকপির খেত নষ্ট
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের টেংরামাঠ গ্রামে এক কৃষকের সোয়া দুই বিঘা জমির বাঁধাকপির খেতে বিষাক্ত পদার্থ ছিটিয়ে নষ্ট করে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক পিরু মণ্ডল জমিতে গিয়ে হলদে বাঁধাকপি দেখে মুষড়ে পড়েন।
সরেজমিনে দেখা যায়, টেংরামাঠ গ্রামের পূর্বদিক মসজিদপাড়ায় সোয়া দুই বিঘা জমিতে আগাম জাতের বাঁধাকপির পাতাগুলো বিবর্ণ হয়ে হলুদ হয়ে গেছে। কপিগুলো দেখে বিলাপ করছিলেন কৃষক পিরু মণ্ডল।
পিরু মণ্ডল বলেন, তিনি টেংরামাঠ গ্রামে মন্টু মেম্বারের সোয়া দুই বিঘা জমি ইজারা নিয়ে চাষাবাদ করছিলেন। এবার নতুন করে আরও দুই বিঘা জমি ইজারা নেন। অধিক মুনাফার আশায় এবার ৫০ হাজার টাকা খরচ করে জমিতে আগাম জাতের বাঁধাকপির চাষ করেন। ওই বাঁধাকপি এবার হারান মণ্ডল নামের এক ব্যাপারির কাছে বিক্রির জন্য ২০ হাজার টাকা বায়না করেছিলেন। কিন্তু তাঁর সব কপি নষ্ট হয়ে গেছে।
পিরু মণ্ডল অভিযোগ করেন, তিনি নতুন করে যে দুই বিঘা জমি ইজারা নিয়েছেন তা আগে তারাচাঁদ নামের একজন ইজারা নিয়ে চাষাবাদ করতেন। এ কারণে প্রতিশোধ নিতে তারাচাঁদ কপির খেত নষ্ট করেছেন। তারাচাঁদ আওয়ামী লীগ করেন। তাই তিনি আদালতে বিচার চাইবেন।
এ ব্যাপারে তারাচাঁদ (৫২) বলেন, বাঁধাকপির জমিতে তিনি ষড়যন্ত্রমূলকভাবে বিষ দেননি। পাশে তাঁর অন্য একটি জমিতে অবাঞ্ছিত ঘাস মারার জন্য পেরাক্সন ওষুধ প্রয়োগের সময় কিছু বিষ হয়তো ওই জমিতে উড়ে গিয়ে পড়েছে।