বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
সিরাজগঞ্জের কাজীপুরে বাংলা মদ খেয়ে দুই ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরেক ব্যক্তি গুরুতর অসুস্থ।
নিহত ব্যক্তিরা হলেন কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাতী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মতিউর রহমান (৪৫) ও গান্দাইল ইউনিয়নের খুকশিয়া গ্রামের ইয়ার বক্সের ছেলে বেলাল হোসেন (৫০)। অসুস্থ হয়ে পড়া চালিতাডাঙ্গা ইউনিয়নের মজনু মিয়া (৫৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার সোনামুখী বাজারের মদ বিক্রেতা হানিফ উদ্দিনের কাছে মতিউর, বেলাল ও মজনু বাংলা মদ কেনেন। তা খাওয়ার একপর্যায়ে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। গতকাল মঙ্গলবার তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই বেলালের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে মতিউর রহমানের মৃত্যু হয়। মজনু এখনো চিকিৎসাধীন রয়েছেন।
গান্ধাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, তাঁরা তিনজন মাদকাসক্ত ছিলেন। একজনের দাফন সম্পন্ন হয়েছে। আরেকজনকে হাসপাতাল থেকে নিয়ে আসা হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক দুজনের মৃত্যুর হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মদের সঙ্গে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে।
কাজীপুর থানার ওসি সমিত কুণ্ডু বলেন, ‘দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। মদ খাওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’