বিষাক্ত মদে মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
রংপুর নগরে বিষাক্ত মদ পান করে সাতজনের মৃত্যুর ঘটনায় মাহীগঞ্জ পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী হাসান।
এ ঘটনায় নিহত নাসিম ও মনুর ভাই আমিন সরকার গতকাল বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। পরে পুলিশ এ মামলায় মাদক ব্যবসায়ী মিঠুসহ ১৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের তাজহাট বিহারিপাড়ায় মিঠুর বাড়ির ১২টি স্থানে গর্ত করে পাতিলে রাখা মদ উদ্ধার করে পুলিশ। গত সোমবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ওই এলাকায় মিঠুর বাড়ির সামনের গাছতলায় মদ্যপানের আসর বসে। গতকাল ভোরের দিকে মদ্যপায়ীরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই চারজন মারা যান। সন্ধ্যায় হাসপাতালে মারা যান আরও তিনজন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন নগরের তাজহাটের বাসিন্দা দুই ভাই রংমিস্ত্রি নাসিম (৪০) ও মনু (৩৫), মজিদ (৩৫), গফুর (৩০), খুশি দাস (৩২), আবদুল আজিজ (৩৫) ও পাশের বালাটারি বীরভদ্র এলাকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী আজমেরি (৩৫)।
পুলিশ রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। এ ঘটনা করা হত্যা মামলায় মিঠুসহ ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, পুলিশ ফাঁড়ির ৫০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। এখানে পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ওই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান জাকির হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন জসিম ও মিঠুনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন..