বিসিএসে অসুদপায়: চার পরীক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭ তম বিসিএস লিখিত পরীক্ষায় অসুদপায় অবলম্বন ও জালিয়াতির করায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে এক পরীক্ষার্থীকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার আটটি কেন্দ্রে ও ঢাকার বাইরে ছয় বিভাগীয় শহরে রোববার থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। ৮ হাজার ৫২২ জন এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান সোমবার বিকেলে প্রথম আলোকে জানান, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সোমবার অসুদপায় অবলম্বনের জন্য রুবেল হক নামের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর প্রথম দিনে তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অকৃতকার্য হলেও লিখিত পরীক্ষার প্রথম দিনে ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র প্রবেশপত্র নকল করে পরীক্ষা দিতে আসেন আলম মিয়া নামের একজন পরীক্ষার্থী। প্রবেশপত্রে নিজের রেজিস্ট্রেশন নম্বর পরিবর্তন করে প্রিলিমিনারি টেস্টে পাস করা অন্য একজন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে তিনি পরীক্ষা দিতে এলে পরীক্ষা কেন্দ্রে তাঁকে আটক করা হয়। আলম মিয়ার বাড়ি বগুড়া জেলার সোনাতলা উপজেলায়। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।

সূত্র আরও জানায়, একইদিন ঢাকা কেন্দ্রে হাজী আস্রাফ আলী হলের দুজন পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বনের কারণে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর বাছাই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর ফল প্রকাশ করা হয়। এতে ৮ হাজার ৫২২ জন উত্তীর্ণ হন। এখন তাদেরই লিখিত পরীক্ষা চলছে।